চুনারুঘাটে তিন দোকানীকে জরিমানা
রোজায় বাজার মনিটরিংয়ে সেনাবাহিনী
হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে রোজার প্রথম দিনে বাজার মনিটরিংয়ে নেমেছে যৌথবাহিনী। এ সময় বাজারে সেনাবাহিনীর উপস্থিতি দেখে দোকানীদের কয়েকজন পালিয়ে যান। এ সময় তিন দোকানীকে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ মার্চ) বিকেলে চুনারুঘাট পৌর শহরের কাঁচাবাজার ও বাল্লা রোডে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পের লেফট্যানেন্ট শাহরিয়ার হাসান খান ও চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব এতে নেতৃত্ব দিয়েছেন।
এ সময় বেশিদামে সয়াবিন তেল বিক্রেতা মোহাম্মদ আলীকে ৫০ হাজার, একইরকম অপরাধে মনু মিয়াকে ১ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রেতা লিটন পালকে আরও ১০ হাজার টাকা অর্থদ- করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে যৌথবাহিনীর অভিযানের খবরে কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। পরে সেনাবাহিনী কয়েকটি গোডাউনে তল্লাসি চালিয়ে অস্বাস্থ্যকর কিছু পণ্য প্রকাশ্যে ধ্বংস করেছে।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম ও থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনও অভিযানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, রমজানে যেন ভোক্তারা প্রতারণার শিকার না হয় এজন্য অভিযান চালানো হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।
