অস্বাস্থ্যকর শিশুখাদ্য

অস্বাস্থ্যকর শিশুখাদ্য
অস্বাস্থ্যকর শিশুখাদ্য

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় পঁচা বড়ই ও ক্ষতিকর রঙ দিয়ে আচার তৈরীর দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার থানা রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পারভেজ ফুড প্রোডাক্টস নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম মোঃ পারভেজ মিয়া। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিব হোসাইন খোয়াইকে জানান, ভ্রাম্যমাণ আদালত

 পরিচালনাকালে পরিলক্ষিত হয়—  পারভেজ ফুড প্রোডাক্টসে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বড়ই, ক্ষতিকর রঙ, মেয়াদোত্তীর্ণ প্রিজার্ভেটিভ দিয়ে আচার তৈরি করা হচ্ছে। এছাড়া নিম্নমানের মশলা এবং পোড়া তেল দিয়ে চিপস ভাজতে দেখা যায়। এ সকল শিশুখাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়াই বাজারজাত করা হয়ে থাকে।

এ সমস্ত অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেছে।