ঐতিহ্যবাহী দিঘী দখল করে অবৈধ স্ট্যান্ড বাণিজ্য
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোতালেব চত্বরে অবস্থিত ‘মোতালেব দিঘী’ ভরাট করে ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তুলেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। সেখান থেকে প্রতিদিন আদায় হচ্ছে কয়েক হাজার টাকার চাঁদা।
এ ছাড়া আরও দুটি চক্র দিঘীর দুপাশে অর্ধশতাধিক দোকানঘর তুলে প্রতি মাসে লাখ টাকার বেশি ভাড়া তুলছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দিঘীর ময়লা-আবর্জনা পরিষ্কার করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং ঐতিহ্যবাহী এই দিঘীটি উদ্ধার করা জরুরি। তা না হলে দখলদারদের কবলে পড়ে একদিন নিঃশেষ হয়ে যাবে এটি।
সরেজমিনে দেখা যায়, দিঘীর
দুইপাশ ভরাট করে নানারকম অস্থায়ী পণ্যের দোকান তৈরি করা হয়েছে। প্রকাশ্যেই দিঘী দখল করে পরিচালনা করা হচ্ছে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড।
পরিচয় গোপন রাখার শর্তে এক ইজিবাইক চালক খোয়াইকে বলেন, “হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের রহমান মিয়া, তার ছেলে ও ভাতিজারা স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করেন। কোনো চালক যদি চাঁদা দিতে অস্বীকার করেন, তাকে স্ট্যান্ডে অবস্থান করতে দেওয়া হয় না।”
এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, দখলদারদের কারণে দিঘীর অস্তিত্ব হারিয়ে যেতে দেওয়া হবে না। শিগগিরই সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
