আজমিরীগঞ্জে টিকটকার রনিকে শুনানির নোটিশ
মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ স্কুলছাত্রীদের নিয়ে টিকটক ভিডিওতে অশালীন মন্তব্য করার অভিযোগে টিকটকার রনি ও তাঁর বাবা মতিবুর রহমানকে শুনানির জন্য তলব করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার।
গত বুধবার ইউএনওর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আজমিরীগঞ্জ অ্যামালগেমেটেড বীর চরণ পাইলট সরকারি মডেল উচ্চ
বিদ্যালয়ের সামনে নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যসহ ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি তদন্তসাপেক্ষে শুনানির প্রয়োজন দেখা দিয়েছে।
এ কারণে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে রনি ও তাঁর বাবাকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ‘ভয়েজ অব রনি’ নামে একটি আইডি থেকে ছড়ানো ১২ সেকেন্ডের ভিডিওতে রনিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বলতে শোনা যায়, ‘এই সেই স্কুল, এখানে সব নাগিনদের বাস।’ ভিডিওটি ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষকরা এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভিডিও প্রকাশের পর রনি ফেসবুকে সমালোচনাকারীদের উদ্দেশে হুমকিও দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার বলেন, অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তাদের শুনানিতে তলব করা হয়েছে।
