ঘুষ নেওয়ার অভিযোগে ভুক্তভোগীর কাছে ক্ষমা চাইলেন তহসিলদার

ঘুষ নেওয়ার অভিযোগে ভুক্তভোগীর কাছে ক্ষমা চাইলেন তহসিলদার
ঘুষ নেওয়ার অভিযোগে ভুক্তভোগীর কাছে ক্ষমা চাইলেন তহসিলদার

আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন শিবপাসা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সিদ্দিকুর রহমান।  গত রোববার একটি স্থানীয় দৈনিকে ঘুষ ও হয়রানির অভিযোগসংবলিত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তহসিলদার বিষয়টি সামাল দিতে দৌড়ঝাঁপ শুরু করেন। বুধবার রাতে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি তুলোনা বেগমের বাড়িতে গিয়ে ক্ষমা চান এবং অর্থের বিনিময়ে ঘটনাটি মিটমাট করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তুলোনা বেগম বলেন, “৮২ শতক জমির খাজনার জন্য তহসিলদার ১৩ হাজার টাকা দাবি করেন। দরকষাকষির পর ৬ হাজার টাকা দিলেও রশিদ দেন মাত্র ২৭৪ টাকার। প্রতিবাদ করলে অফিস থেকে বের করে দেন।”

তুলোনা বেগম জানান, রশিদে টাকার গড়মিল তুলে ধরায় প্রতিশোধ নিতে তার বিরুদ্ধে ১৪৪ ধারার একটি মামলায় ‘মিথ্যা’ তদন্ত প্রতিবেদন দেওয়া হয়, যাতে তিনি ক্ষতিগ্রস্ত হন।

স্থানীয়দের অভিযোগ, সিদ্দিকুর রহমানের কাছে কোনো কাজেই ঘুষ ছাড়া সুবিধা পাওয়া যায় না।

এ বিষয়ে আজমিরীগঞ্জের ইউএনও ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, “অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”