দাঙ্গা-খুনে অস্থির হবিগঞ্জ জেলা
স্টাফ রিপোর্টার ॥ সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সাম্প্রতিক হত্যাকা-, সংঘাত, যানজট ও স্বাস্থ্যখাতের দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় আলোচনার কেন্দ্রে ছিল নবীগঞ্জ উপজেলার ভয়াবহ দাঙ্গা— যেখানে সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। স্থানীয়ভাবে আলোচিত এই সহিংসতা শুরু হয়েছিল দুই সাংবাদিকের বিরোধের জেরে, যা ছড়িয়ে পড়ে চারটি গ্রামের মধ্যে। অন্তত ৫০টি স্থাপনায় আগুন, ভাংচুর ও লুটপাটের ঘটনা সভায় বিশেষ গুরুত্ব পায়।
বক্তারা বলেন, “আগে বিরোধ ছিল দুইটি বলয়ে, এখন তৃতীয় একটি বলয়ও এতে জড়িত হয়েছে। এই সংঘাত এখনই থামানো না গেলে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।”
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, নবীগঞ্জে পুলিশ সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুত।”
এছাড়া সভায় সাম্প্রতিক আরও কয়েকটি সহিংস ঘটনা নিয়েও উদ্বেগ জানানো হয়। এর মধ্যে রয়েছে হবিগঞ্জ শহরে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, বাহুবলে ইজিবাইক ছিনতাইয়ের জন্য চালককে হত্যা এবং ঘরে ঢুকে জামায়াত নেতার স্ত্রীকে খুনের ঘটনা।
সভায় হবিগঞ্জ শহরের চলমান যানজট পরিস্থিতিকেও ভয়াবহ বলে উল্লেখ করা হয়। মূলত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে এই যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। জানানো হয়, “অটোরিকশাগুলো যেন মূল শহরে ঢুকে না পড়ে এবং ফাঁড়ি রাস্তা দিয়ে চলাচল করে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবৈধ যানবাহন ধীরে ধীরে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” এ লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার যানজট নিরসন কমিটিকে কার্যকরভাবে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্যখাতেও সংকট: সভায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য, জরুরি চিকিৎসা সেবার ঘাটতি এবং শিক্ষানবীশ চিকিৎসকদের আচরণ নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে। সভায় উপস্থিত সিভিল সার্জন জানান, “স্বাস্থ্যখাতে জনবল সংকট এখন চরমে। চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।” এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য দ্রুত জায়গা নির্ধারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
