বিএনপি নেতা মুর্শেদ খানের বাগান বন্ধ বিদ্যুতের অভাবে
মাধবপুর উপজেলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মুর্শেদ খানের মালিকানাধীন নোয়াপাড়া চা বাগানে দুই বছর ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস না থাকায় চা পাতা শুকানো সম্ভব হচ্ছে না, ফলে প্রতিবছর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে বাগানটি।
গ্যাস সংযোগ বন্ধের প্রভাবে বাগানের প্রায় দুই হাজার শ্রমিক ও কর্মচারীর জীবন-জীবিকা সংকটে পড়েছে।
শ্রমিকরা বলেন, “আমরা নিম্ন আয়ের মানুষ, বাগানে কাজ করেই পরিবার চালাই। দুই বছর ধরে গ্যাস না থাকায় খুব কষ্টে দিন কাটছে। এখন বকেয়া পরিশোধ করা হলেও সংযোগ দেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।”
নোয়াপাড়া চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কমেড নায়েক বলেন, “গ্যাস সংযোগ না থাকায় একটি শিল্প ধ্বংসের মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে শ্রমিকরা বিপর্যয়ের মুখে পড়বে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।”
ইউনিয়নের সেক্রেটারি মনি বাউড়ি বলেন, “গ্যাস না থাকায় শুধু শ্রমিকরাই নয়, স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে চা শিল্পের ওপর মারাত্মক প্রভাব পড়বে।”
সাবেক ইউপি সদস্য শ্যামল বুনার্জি বলেন, “চা শ্রমিকদের অসন্তোষ দিন দিন বাড়ছে। গ্যাস সংযোগ না পেলে তারা রাস্তায় নামবেন। সংযোগ পুনঃস্থাপন ছাড়া চা শিল্পের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের জীবন রক্ষা সম্ভব নয়।”
জালালাবাদ গ্যাস অ্যান্ড টি অ্যান্ড ডি সিস্টেমস লিমিটেডের শাহজিবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হুসাইন মোঃ জুনায়েদ বলেন, “নোয়াপাড়া চা বাগানের সব বকেয়া পরিশোধ হয়েছে। এখন আমরা ঢাকার অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই সংযোগ পুনঃস্থাপন করা হবে।”
