হবিগঞ্জেও বন্যার শঙ্কা

হবিগঞ্জেও বন্যার শঙ্কা
গত বছরের বন্যার ফাইল ছবি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার কুশিয়ারা ও খোয়াই নদীর সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাওয়ায় হবিগঞ্জসহ ১২টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ভারতের অরুণাচল ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব বাংলাদেশের নদ-নদীতে পড়ছে।

আগামী তিন দিন সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও

খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সমতল বাড়বে। হবিগঞ্জ ছাড়াও সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল সাময়িক প্লাবনের শঙ্কায় রয়েছে।