কালবৈশাখীর পর সাত ঘন্ট বিদ্যুৎহীন জেলা

স্টাফ রিপোর্টার ॥ কালবৈশাখীর পর হবিগঞ্জের ৯ উপজেলা টানা প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থেকেছে। ঝড়ে খুঁটি বিধ্বস্ত ও লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এ বিপর্যয় ঘটে।

গত রবিবার দিনগত রাত ২টার পর জেলার অধিকাংশ অঞ্চলে এ মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়। ফলে অনেক স্থানে খুঁটি বিধ্বস্ত ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাত সোয়া ২টার দিকে ৯টি উপজেলায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৬ লাখ এবং জেলা শহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আরও অর্ধলক্ষাধিক গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পল্লী বিদ্যুৎ সমিতি মেরামত কাজ শেষে গতকাল সোমবার সকাল ৮টা নাগাদ ৫ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারলেও বাকী এক লাখ গ্রাহককে বিদ্যুৎ দিতে সময় গড়িয়েছে বিকেলনাগাদ।

আর হবিগঞ্জ শহরে বিপিডিবির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে সকাল সাড়ে ৯টার দিকে। ফলে জেলার প্রায় ২৪ লাখ মানুষকে এই ৮ ঘন্টা ধরে দুর্ভোগে পোহাতে হয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান খোয়াইকে জানান, কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ১০টি বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হয়েছে। এছাড়া অনেক স্থানে লাইন ক্ষতিগ্রস্ত হয়।

রাতভর মেরামত কাজ শেষে গতকাল সকাল ৮টায় ৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বাকী ১ লাখ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া গেছে বিকেলের মধ্যে।