কালোবাজারে রেলের টিকেট, যাত্রীকে জরিমানা

কালোবাজারে রেলের টিকেট, যাত্রীকে জরিমানা
ইউএনও পল্লব হোম দাসের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত

কালোবাজারীদের কাছ থেকে ট্রেনের টিকেট কেনার অপরাধে ৬ যাত্রীকে ভ্রাম্যমাণ আদালত ২ হাজার ৬৭০ টাকা জরিমানা করেছেন। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা শায়েস্তাগঞ্জ জংশনে আসেন। বিকেল সোয়া ৪টার দিকে ট্রেনটি পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত টিকেট যাচাই করেন। এ সময় দেখা যায়, যাত্রীদের টিকেট তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কেনা হয়নি; পরে তারা স্বীকার করেন, টিকেটগুলো কালোবাজারীদের কাছ থেকে সংগ্রহ করেছেন।

সন্ধ্যায় ইউএনও পল্লব হোম দাসের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শায়েস্তাগঞ্জ উপজেলার শিরজিৎ রায়ের ছেলে রাহুল রায় (২৯), বিলাল আহমেদের ছেলে রিপন আহমেদ (২৬) এবং বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের সাজন মিয়ার ছেলে নাজমুল হোসেনকে (২২) ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন।

একই অপরাধে রেলওয়ের টাস্কফোর্স আরও চার যাত্রী- সেন্টু আহমেদ (২৩৫ টাকা), প্রাণেশ দেব (২০০ টাকা), তানভীর আহমেদ (২৩৫ টাকা) ও জুয়েল মিয়াকে (৫০০ টাকা) মোট ১ হাজার ১৭০ টাকা জরিমানা করে। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। অভিযানে শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা সহায়তা করেন।

রেলওয়ের শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার লিটন চন্দ্র দে খোয়াইকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, টিকেট কালোবাজারি বন্ধে এমন অভিযান চলবে অব্যাহতভাবে।

উল্লেখ্য, ১৮ অক্টোবর দৈনিক খোয়াই পত্রিকায় ‘শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ’ শিরোনামে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়। নিউজটি প্রকাশ হওয়ায় প্রশাসনের দৃষ্টিগোচর হলে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে র‌্যাব কর্তৃক অভিযান পরিচালনা হয়। শুধু তাই নয়, নিউজটি পাঠকদের মাঝে প্রশংসা পায়।