ছাত্রলীগ নেতার কোলে সন্তান দুই পুলিশ সদস্য প্রত্যাহার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতের হাজতখানায় নবজাতক কোলে থাকা এক ছাত্রলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এক এএসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টায় বিষয়টি খোয়াইকে নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ বিশ্বাস ও কনস্টেবল মোহাম্মদ উজ্জ্বল।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কারাগারে রয়েছেন। গত সোমবার তাকে আদালতে হাজির করা হলে হাজতখানায় রাখা হয়। সে সময় কোলে নবজাতক সন্তান নিয়ে তার একটি ছবি তোলা হয়, যা পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এসপি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ছবি প্রকাশের বিষয়টি কি কারণ— এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘ছবির বিষয় নয়, দায়িত্বে অবহেলা হয়েছে বলে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
