জাতীয় কারাতে প্রতিযোগিতায় হবিগঞ্জের রাবেয়ার স্বর্ণপদক
স্টাফ রিপোর্টার ॥ ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে ক্রীড়াঙ্গনে জন্মস্থানের অবস্থান সুদৃঢ় করেছেন চুনারুঘাট উপজেলার মেয়ে কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক রাবেয়া সুলতানা মিম। তিনি চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ হাতুন্ডা এলাকার বাসিন্দা, বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দামের সহধর্মিনী এবং হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য।
গত রবিবার (১১ মে) মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তাঁর হাতে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এর পুরষ্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তাঁর এই অনবদ্য অর্জনে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ খোয়াইকে বলেন, রাবেয়া সুলতানা মিম আমাদের ক্রীড়া সংস্থার সদস্য। তাঁর এই স্বর্ণপদক অর্জনে আমরা গর্বিত। আমরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
রাবেয়া সুলতানা মিম দীর্ঘদিন ধরে কারাতে চর্চা করে আসছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফলেই এই স্বর্ণপদক অর্জন সম্ভব হয়েছে।
মিম বলেন ‘এই স্বর্ণ পদক শুধু আমার একার নয়; এটা আমার মা-বাবা ও আমার প্রশিক্ষকদের, আমার এলাকাবাসীর। যারা সবসময় পাশে ছিলেন, অনুপ্রেরণা দিয়েছেন তাদের। আমার অনেক স্বপ্ন আছে, এই পদক যেন তার প্রথম ধাপ হয়। আমি চাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াতে।
