ট্রেনে কাটা পড়ে মারা গেলেন শ্রবণপ্রতিবন্ধী চেরাগ আলী
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে চেরাগ আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফর্দখলা ফরিদপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
চেরাগ আলীর বাড়ি বাহুবল উপজেলার কালুটুলা গ্রামে। স্ত্রী ও ছয় ছেলে-মেয়ে রয়েছেন তার।
মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য দরবেশ আলী জানান, চেরাগ আলী প্রতিদিনই ছিটকি জাল নিয়ে
আশপাশের খাল-বিলে মাছ ধরতে যেতেন। গতকাল সকালে তিনি রেলওয়ে ব্রিজের পাশে জাল ফেলেছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় আসে।
তিনি আরও জানান, কানে না শুনতে পারায় চেরাগ আলী রেললাইনের ওপরই দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি এসে পড়লেও তিনি সরতে পারেননি। ঘটনাস্থলেই কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে।
