প্রবাসী ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে বড় ভাইকে পুলিশি জিজ্ঞাসাবাদ

প্রবাসী ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে বড় ভাইকে পুলিশি জিজ্ঞাসাবাদ
সৈয়দ জুবায়ের আলী

ইউরোপে থাকা ছোট ভাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় দেশে তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত সোমবার রাতে সৈয়দ জুবায়ের আলী (৩২) নামে ওই যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

জুবায়ের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সৈয়দ মোহাম্মদ আলীর ছেলে।

জুবায়ের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সৈয়দ মোহাম্মদ আলীর ছেলে। তার ছোট ভাই সৈয়দ জনাব আলী দুই বছর আগে দুবাই থেকে লিবিয়া হয়ে ইউরোপের দেশ ফ্রান্সে যান। দেশে থাকাকালে তিনি একটি হারবাল কোম্পানিতে চাকরি করতেন।

সম্প্রতি সেখানে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনার পর সোমবার রাত ১টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ জুবায়েরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ভোর ৪টার দিকে তাকে ছেড়ে দেয়।

জুবায়েরের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে খোয়াইকে বলেন, “রাতে জুবায়েরকে থানায় নিয়ে গিয়ে তার ভাইয়ের ফেসবুক আইডি বন্ধ করিয়েছে পুলিশ। পরে ভোর ৪টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।”

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান খোয়াইকে বলেন, ফেসবুকে ছোট ভাই কেন কটূক্তিমূলক স্ট্যাটাস দিয়েছেন, “সে বিষয়ে তথ্য জানতে বড় ভাইকে থানায় আনা হয়েছিল। বিদেশে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কিছু প্রকাশ করলে তার প্রভাব পরিবারেও পড়তে পারেÑ এ কথা বুঝিয়ে দিয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে রাতেই তিনি বাড়ি ফিরে যান।”

ওসি আরও বলেন, “একজনের ফেসবুক স্ট্যাটাসের জন্য অন্যজনকে আটক করা আইনে সমর্থন করে না।”