বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, তিন হাসপাতালকে জরিমানা

বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, তিন হাসপাতালকে জরিমানা
বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, তিন হাসপাতালকে জরিমানা

হবিগঞ্জ শহরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, সঠিকভাবে ক্লিনিক্যাল সরঞ্জামাদি ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এ অভিযান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিন্দ্র চাকমা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে অভিযান করে। এ সময় শহরের মাদার

কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ক্লিনিক্যাল সরঞ্জামাদি ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ফায়ার সার্ভিস রোডে অবস্থিত সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২ কে বিশ হাজার ও একই এলাকায় মাউন্ট এভারেস্ট ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সিভিল সার্জন জানান, যেসকল প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও ক্লিনিক্যাল যন্ত্রপাতির ঘাটতি রয়েছে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান করা হবে। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ সানজিদ জামান আদনানসহ অন্যান্য কর্মকর্তারা। সদর মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহায়তা করেন।