মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে ধুঁকছে উৎপাদন

মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে ধুঁকছে উৎপাদন
মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে ধুঁকছে উৎপাদন

মাধবপুর প্রতিনিধি ॥ খ্যাতনামা নোয়াপাড়া চা বাগান এখন ধুঁকছে। দুই বছর ধরে বন্ধ কারখানা। থেমে আছে চা প্রক্রিয়াজাতকরণ, জং ধরেছে যন্ত্রপাতিতে।

শ্রমিকরা এখনও প্রতিদিন সবুজ পাতা সংগ্রহ করেন, তবে তা বিক্রি হয় পাশের বাগানে। ফলে এখানকার উৎপাদন ব্যবস্থায় আর কোনো প্রাণ নেই। এক সময়কার গন্ধভরা চায়ের মৌসুম এখন নিঃশব্দ।

বাগানের নিজস্ব প্রক্রিয়াজাত কারখানা বন্ধ থাকায় কোটি কোটি টাকার যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে। শ্রমিকদের অভিযোগ—  প্রায় ছয় মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, কর্মচারীদের বেতন বন্ধ চার মাস।

নোয়াপাড়া চা বাগান শুরু হয়েছিল

 ব্রিটিশ আমলে। তখন এটি প্রথম শ্রেণির বাগান হিসেবে পরিচিত ছিল। এখন বেহাল চিত্র দেখে শ্রমিকদের চোখে জল আসে। শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে না পারায় কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দুই বছর ধরে উৎপাদন বন্ধ। কাঁচা পাতা বাইরে বিক্রি করতে হচ্ছে, যা আমাদের পীড়া দেয়।’

তিনি আরও বলেন, ‘কারখানা না থাকায় পুরো বাগান বন্ধ হয়ে যেতে পারে, শ্রমিকরা দারুণ অনিশ্চয়তায় রয়েছে।’

বাগানের উপব্যবস্থাপক সোহাগ মাহমুদ বলেন, ‘বাগানের কাঁচা পাতা অন্য বাগানে বিক্রি করতে হচ্ছে। এতে প্রতিবছর মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। ব্যাংক ঋণ নিয়ে কারখানা চালুর চেষ্টা চলছে, তবে এখনও সাফল্য আসেনি।’