সাবেক এমপির ভাই ও শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে মামলা

সাবেক এমপির ভাই ও শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে মামলা
সাবেক এমপির ভাই ও শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সরকারি নিলামে বিশৃঙ্খলা সৃষ্টি, বন বিভাগের কর্মকর্তাকে মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের ছোট ভাইসহ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

হবিগঞ্জের এসএফএনটিসির ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ গত মঙ্গলবার চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আমির আলী খানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং আমুরোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪৫)। জাহাঙ্গীর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক; সাইফুল বিএনপির সহ স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মী আক্তার শিফার আপন ছোট ভাই।

বন বিভাগ জানায়, সম্প্রতি তিনটি রেঞ্জ থেকে ২৯টি গাছের লট জব্দ করা হয়। বিধি অনুযায়ী গত সোমবার সকাল সাড়ে ১০টায় চুনারুঘাটের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিলাম আয়োজন করা হয়। সেখানে বাদীসহ বন বিভাগের সাতজন কর্মকর্তা উপস্থিত ছিলেন; তাদের মামলায় সাক্ষী করা হয়েছে।

অভিযোগে বলা হয়, নিলাম শুরুর পর জাহাঙ্গীর ও সাইফুলসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিলামের শর্ত লঙ্ঘন করেন। বাঁধা দিলে তারা ডেপুটি রেঞ্জার আশিক আহমেদকে মারধর করেন এবং তাঁর প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিকরুল ইসলাম মামলার তদন্তভার পেয়েছেন। তিনি বলেন, “মামলাটি এফআইআরভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”