৫০ হাজার টাকা ও ফুটবলসহ ক্রীড়া সামগ্রী প্রদান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চুনারুঘাটের খুদে ফুটবলার জোনেল আহমেদের দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। গতকাল বুধবার চুনারুঘাট পৌরসভার ডিসিপি হাইস্কুল মাঠে ঢাকা ও হবিগঞ্জের এক প্রীতিম্যাচ শেষে তিনি এই ঘোষণা দেন।
“শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচে” রাজধানী ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাবকে ১ গোলে হারিয়ে হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ বিজয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও বিশেষ অতিথি
ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ ও সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চুনারুঘাট ফুটবল একাডেমির শিশু খেলোয়াড় রজব আলীর ছেলে জোনেল আহমেদকে ৫০ হাজার টাকা ও ফুটবলসহ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জিকে গউছ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধূলায় সম্পৃক্ত করতে প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়ামোদীদেরও উৎসাহিত করা সম্ভব।
