‘জামাল ডাকাতকে’ কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

‘জামাল ডাকাতকে’ কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
জামাল মিয়া ওরফে জামাল ডাকাত

বাহুবলে জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‘জামাল ডাকাতের’ স্ত্রী রুবি আক্তার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলায় নাম উল্লেখ করা ১০ আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাও একাধিক ডাকাতি মামলার আসামি।

জানা যায়, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার ভোররাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘর থেকে তুলে এনে কুপিয়ে হত্যা করে, পরে তার মরদেহ বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে যায়। ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জামালের বিরুদ্ধে দস্যুতা ও চুরির অভিযোগে বাহুবল মডেল থানায় ১৬টি মামলা রয়েছে। দেশের অন্যান্য থানাতেও তার নামে একাধিক মামলা থাকতে পারে।

নিহত জামাল বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। ঘটনার পর পুলিশ একই গ্রামের শিবলু মিয়া (১৯) ও এজাহারভুক্ত আসামি মোশাহিদ মিয়াকে (৩৬) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকা- সংঘটিত হয়েছে। বিরোধে জড়িতদের অধিকাংশই একাধিক ডাকাতি মামলার আসামি। সবাইকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।