অকেজো রাবার ড্যাম যেন পর্যটন কেন্দ্র
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে নির্মিত অকেজো রাবার ড্যাম এখন দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। গত ৩১ মার্চ ঈদুল ফিতরের দিনে এই ড্যামে সকল বয়সী নারী-পুরুষের ভীড় দেখা যায়। বিকেলে লোকজনের উপস্থিতি ছিল আরও বেশি।
ঈদের পঞ্চম দিন সকালে সরেজমিনে দেখা যায়, রাবার ড্যাম ও নদীর পাড়ে দর্শনার্থীদের ভীড় আরও বেড়েছে। লম্বা ছুটি কাজে লাগিয়ে ঘুরাফেরা করতে এখানে এসেছেন লোকজন। আগতদের কেউ কেউ গোসল করছেন, অনেকে ছবি তুলছেন, কেউ আবার নৌকায় করে নদীর ঢেউ উপভোগ করছেন। মানুষের আগমনকে ঘিরে এখানে গড়ে উঠেছে অনেক দোকানপাট।
রাবার ড্যাম কর্মকর্তারা বলছেন, ড্যামটি অকেজো হয়ে পড়ে থাকায় নদীতে পানি ধরে রাখা যাচ্ছে না। তবে যেটুকু পানি রয়েছে তাতেই পর্যটকরা খুশী। চৌমুহনী রাবার ড্যামে পর্যটকদের জন্য আরও কিছু সুবিধা নিশ্চিত করতে পারলে এখানে হাজারো দর্শনার্থীদের উপস্থিতি ঘটবে।
রাবার ড্যাম সভাপতি সায়েদুর রহমান জানান, চৌমুহনী ও বহরায় সোনাই নদীর ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ২০০৩ সালে রাবার দিয়ে বাঁধ তৈরি করা হয়। খরার মৌসুমে রাবার ফুলিয়ে নদীতে পানি আটকে রাখার কথা। কিন্তু এটি অকেজো থাকায় ২০/২৫টি গ্রামের মানুষ সুফল ভোগ করতে পারছেন না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি দাবি জানান।
চৌমুহনী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, প্রতি বছর ঈদ ও বাংলা নববর্ষে রাবার ড্যানে দর্শনার্থীদের পদচারণা বেড়ে যায়।
রাবার ড্যামে বেড়াতে যাওয়া মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছি। এসে মনে হয়েছে— এখানে আরও সুযোগ সুবিধা থাকলে ভাল হতো।
