জাকির হোসেন

জাকির হোসেন
জাকির হত্যা মামলায় কারাগারে ৪৯

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত জাকির হোসেন হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণকারী ৪৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। মঙ্গলবার (২৪ জুন) আজমিরীগঞ্জ চৌকি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে চৌকি আদালতের বিচারক মোঃ সোহেল ভুঁইয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৫ জুন সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নিহত হন জাকির হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।

ঘটনার তিন দিন পর, ১৮ জুন সকালে নিহতের পিতা হারুনুর রশিদ বাদী হয়ে পিরোজপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে সেকুল মিয়া ওরফে সেকুলকে প্রধান আসামি করে ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গতকাল মঙ্গলবার আরও ৪৯ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন।

চৌকি আদালতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নাকচ করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”