ভোরবেলায় বৃষ্টির মধ্যে সংঘর্ষে আহত ২০

ভোরবেলায় বৃষ্টির মধ্যে সংঘর্ষে আহত ২০
ভোরবেলায় বৃষ্টির মধ্যে সংঘর্ষে আহত ২০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার এক্তিয়ারপুর গ্রামে জায়গা নিয়ে বিরোধের জেরে গতকাল রবিবার ভোরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভোরবেলার বৃষ্টির মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবলের সাতকাপন ইউনিয়ন পরিষদের সদস্য ও এক্তিয়ারপুর গ্রামের আবদুল করিমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনের এক্তিয়ারপুর বাজারের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার রাত থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এরই ধারাবাহিকতায় গতকাল ভোর পাঁচটার দিকে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে দুইপক্ষই রাস্তায় অবস্থান নেয় এবং একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে মোক্তার হোসেন (৬৫), করিমপক্ষের আহাদ মিয়া (৬০) ও আরেকজন আহাদ মিয়া (৫০) কে আটক করে থানায় নেওয়া হয়। এছাড়া আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান বলেন, “বাজারের জায়গা নিয়ে পুরোনো বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করে।”

তিনি আরও বলেন, “স্থানীয় মুরব্বিরা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার অনুরোধ করেছেন। সমাধানের সম্ভাবনা দেখা দিলে আটক ব্যক্তিদের মুচলেকায় ছেড়ে দেওয়া হতে পারে।”