লাখাইয়ে সার সংকট নিরসনে মনিটরিং কমিটির সভা
লাখাই প্রতিনিধি ॥ রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেড়ে যাওয়া এবং বেশ কয়েকজন ডিলারের বরাদ্দকৃত সার সময়মতো উত্তোলন না করায় লাখাই উপজেলায় তীব্র সার সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সার মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও ও কমিটির সভাপতি অনুপম দাস অনুপের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ডিলার, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, টিএসপি ও এমওপি’র বদলে কৃষকদের ডিএপি সারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, বাড়তি দামে বিক্রি রোধে কড়া মনিটরিং করায় কিছু ব্যবসায়ীর কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার বরাদ্দ না পাওয়াও সংকটের অন্যতম কারণ।
সংকট নিরসনে সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়— ডিএপি সার বরাদ্দ ৩০০ টনে উন্নীত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, বরাদ্দকৃত সার উত্তোলন না করা ডিলারদের নোটিশ দিয়ে জবাবদিহিতার আওতায় আনা এবং নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা, ডিলারদের গুদামের তথ্য লিখিত আকারে কৃষি সম্প্রসারণ অফিসে জমা দেওয়া, উত্তোলন ও বিক্রিতে কঠোর মনিটরিং এবং কৃষক গ্রুপভিত্তিক মতবিনিময় সভার আয়োজন।
সভাপতির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন, “কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহে সর্বোচ্চ চেষ্টা চলছে। দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা হবে।”
