হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবি
হবিগঞ্জ : হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে এসে অবকাঠামো উন্নয়েনে মাধ্যমে জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও নাগরিক সুবিধায় এ প্রতিষ্ঠানকে যুক্ত করার আহবান জানানো হয়েছে।
রোববার (২ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (স্বাস্থ্য) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমানের সাথে সাক্ষাৎ করে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশন সাধারণ সম্পাদক (সাবেক অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড ১) আবু তাহের মুহাম্মদ জাবের, নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল বিশেষ সহকারির সঙ্গে ঘণ্টাব্যাপি বৈঠক করেন। এ সময় হবিগঞ্জবাসীর স্বার্থে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে ধরে এটি বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে এর স্থায়ী ক্যাম্পাস, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।
প্রতিনিধিদিল বলেন, চিকিৎসা সেবার সুযোগ সুবিধা কম থাকার পরও ভৌগলিক কারণ এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় জেলাবাসীসহ পার্শ্ববর্তী জেলা থেকে অনেক রোগী হবিগঞ্জে চিকিৎসা নিতে আসেন। তাই জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা জরুরী। এ দাবিতে এর আগে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।
