এক কেজি মিষ্টির প্যাকেটের ওজন ১৮০ গ্রাম!
হবিগঞ্জ: হবিগঞ্জে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ জেলা সদরের কোর্ট স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এ সময় ‘স্বপ্নসিড়ি রেস্তুরা’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১ কেজি মিষ্টির সাথে ১৮০ গ্রাম ওজনের প্যাকেট দিতে দেখা যায়। এছাড়া দোকানটিতে রান্না করা ও কাঁচা খাবার একসাথে ফ্রিজে সংরক্ষণ করা ছিল।
এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারা অমান্য হয়েছে বিধায় দোকানমালিক আব্দুস শহীদ জিতুকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, একই এলাকার ‘আল-মদিনা সুইটমিট’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে ফল বিক্রয় করা হচ্ছিল; কিন্তুকোন মূল্য তালিকা প্রদর্শিত ছিল না— বিধায় আইনের ৩৮ ধারা অমান্যের অভিযোগে দোকানমালিক শাহীন মিয়াকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ খোয়াইকে এ তথ্য দিয়েছেন। জেলা আনসার ব্যাটালিয়নের একদল সদস্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে উপস্থিত ছিল।
