গুড়িয়ে দেওয়া হল অবৈধ চার ইটভাটা
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী।
গত ১১ ও ১২ মার্চ জেলা, উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে এ ইটভাটাগুলো গুড়িয়ে দেয়।
অবৈধ ইটভাটাগুলো হল— বাহুবল উপজেলায় মিরপুর এলাকার নিউ রয়েল ব্রিকস, একই এলাকার রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারে গোল্ড ব্রিকস এবং মাস্টার ব্রিকস।
জানা গেছে, গোল্ড ব্রিকস এর মালিক কুর্শি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান। বাকী তিনটির মালিকানাও এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নামে।
প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে ইটভাটাগুলোতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান চালায়। এ সময় এক্সকেভেটর দিয়ে ইটভাটাগুলোর চিমনি এবং প্রায় ৫৫ হাজার ইট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এসব তথ্য নিশ্চিত করে ইউএনও মোঃ গিয়াস উদ্দিন জানান, অবৈধ ও পরিবেশ বিধ্বংসী ইটভাটা বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, জেলার ৯ উপজেলায় থাকা ৯০টি ইটভাটার মধ্যে ৮০টিরই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র হালনাগাদ করা নেই। সম্প্রতি এনিয়ে দৈনিক খোয়াইয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়।
