খোয়াইয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা পদাবনতি

খোয়াইয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা পদাবনতি

সৈয়দ সালিক আহমেদ ॥ অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদেরকে পঞ্চগড় জেলার ভেটেরিনারী অফিসার হিসেবে পদাবনতি করে বদলী করা হয়েছে। গত সোমবার প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপসচিব মুহাঃ মাছুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। বিভিন্ন অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে তাঁর স্থলে সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের উপপরিচালক মোঃ নুরুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত কর্মকর্তাকে পঞ্চগড় ভেটেরিনারী হাসপাতালে ভেটেরিনারী অফিসার হিসেবে বদলী করা হলো। আগামী ২৭ অক্টোবরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যতায় ২৭ অক্টোবর তাৎক্ষণিক অবমুক্ত হবেন।

সরকারি গাড়ি ব্যবহার না করে তেলের টাকা উত্তোলন, জেলা ভেটেরিনারী হাসপাতালের অনিয়ম, একাধিক প্রকল্পে তসরুপসহ বিভিন্ন অনিয়ম নিয়ে দৈনিক খোয়াইয়ে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে দুই দফা তদন্ত হয়েছে। আজ বুধবার বা আগামীকাল আরেকটি তদন্ত দল আসবে।