ছিলাপাঞ্জা মোড়ে চারার হাট

ছিলাপাঞ্জা মোড়ে চারার হাট

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে প্রতি বছরের মতো এবারও বসেছে আউশ ধানের চারার হাট। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কৃষকরা তাদের পছন্দের ধানের চারা ক্রয় করছেন। গত সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ৯ হাজার ৭০০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা এবার ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ১০৩, বি আর-২২, বি আর-১১ এবং বিনা ধান-১৭ জাতের চারা রোপণ করছেন।

হাটে চারা বিক্রি করছিলেন সেলু মিয়া। তিনি জানান, তিনি পাঁচ বছর ধরে আউশ ধানের চারা বিক্রি করছেন। ছিলাপাঞ্জা মোড় থেকে বানিয়াচং ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার কৃষকরা সহজলভ্যভাবে ধানের চারা কিনে নিচ্ছেন। এখানে কৃষকদের কোনো ধরনের হয়রানি

নেই বলেও তিনি জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক বলেন, গরম মৌসুম হওয়ায় চারা রোপণের ২০— ২৫ দিন পর বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করা প্রয়োজন। কৃষকদের যেকোনো সমস্যা বা পরামর্শের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিস সর্বদা তৎপর রয়েছে।