প্রাথমিক শিক্ষা গড়বে জাতির ভিত্তি ॥ হবিগঞ্জে উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা গড়বে জাতির ভিত্তি ॥ হবিগঞ্জে উপদেষ্টা
প্রাথমিক শিক্ষা গড়বে জাতির ভিত্তি ॥ হবিগঞ্জে উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষা শুধু একটি স্তর নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিপ্রস্তর বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে আয়োজিত দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রকৃত প্রাথমিক শিক্ষার মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠী অগ্রসর হওয়ার সুযোগ পায়। আর এ শিক্ষাই পারে সামগ্রিক বৈষম্য দূর করে জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে।’

সভাটি আয়োজন করে হবিগঞ্জের জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, সিলেট বিভাগীয় উপপরিচালক মোঃ নূরুল ইসলাম এবং হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় তারা বিদ্যালয়ের নিরাপত্তাহীনতা, হাওর অঞ্চলে যাতায়াত ব্যবস্থার দুর্বলতা, শিক্ষক সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন বলেন, প্রাথমিক শিক্ষার দুটি প্রধান লক্ষ্য হলো— শিশুদের মৌলিক শিক্ষা দেওয়া এবং মাতৃভাষায় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা। তিনি বলেন, ‘শিশুরা যেন মাতৃভাষায় পড়তে, বুঝতে ও প্রকাশ করতে শেখে— এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্বনির্ভর ও শিশুবান্ধব করে গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা সমস্যাগুলো সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানান— যেন তাঁরা অভিভাবকের ভূমিকায় শিশুদের প্রতি আন্তরিক হন।

সভা শেষে উপদেষ্টা হবিগঞ্জের কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেসব প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন।