বুল্লাবাজারে যানজটজন, ভোগান্তি চরমে

বুল্লাবাজারে যানজটজন, ভোগান্তি চরমে
বুল্লাবাজারে যানজটজন, ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার এলাকায় তীব্র যানজটে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও ক্রেতারা। প্রতিদিনই বাজার এলাকায় যানজট নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বুল্লাবাজার ব্রিজের দুই পাশে ও সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ নানা যানবাহন স্টপেজ বানিয়ে যাত্রী ওঠানামা করায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বাজার এলাকায় আন্তঃজেলা ও আন্তঃনগর বাসের পাশাপাশি

রিকশা, পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড। ফলে যানবাহন সড়কজুড়ে দাঁড় করিয়ে রাখা হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনাও ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের দাবি, বুল্লাবাজার এলাকায় সরকারি জমি ব্যবহার করে পৃথক যানবাহনের জন্য স্ট্যান্ড নির্মাণ না করলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছি। তবে স্থায়ী সমাধানে স্থানীয়দের সহযোগিতা জরুরি। সরকারি জমি দখলমুক্ত করে যানবাহনের জন্য স্ট্যান্ড স্থাপনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।