হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ঢাকায় মানববন্ধন

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ঢাকায় মানববন্ধন
হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ঢাকায় মানববন্ধন

খোয়াই রিপোর্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের প্রক্রিয়া বাতিল, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও প্রয়োজনমত জনবল নিয়োগের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে।  গত বুধবার সকাল ১০টায় ঢাকাস্থ হবিগঞ্জ সমিতি এ মানববন্ধন করে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে এ মানববন্ধনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন।

বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে নানা কারণে হবিগঞ্জ মেডিকেল কলেজের অবকাঠামো গড়ে উঠেনি। এখন হবিগঞ্জবাসী আসা ছিল— এ প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণসহ সকল সুবিধা নিশ্চিতের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নানা কারণ দেখিয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা উঠছে। এতে জেলার সচেতন মহলসহ সর্বত্র ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করে জেলার ২৫ লাখ মানুষের প্রাণের দাবি কলেজটির স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

এতে বক্তব্য দেন, হবিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ শাজাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত সিংহ রায়, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন,

মাধবপুর উপজেলা সমিতির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাবেক পুলিশ কর্মকর্তা ও সমিতির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর ভূঁইডা, অধ্যক্ষ এনামুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, অ্যাডভোকেট নিজাম উদ্দিন খান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের সেক্রেটারি কুতুব উদ্দিন সোহেল, রাজনৈতিক ব্যক্তিত্ব আহাদ চৌধুরী, বাইতুল মোকাররম ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ নিজাম উদ্দিন, সাদেক আহসান, মোঃ কামরুজ্জামান, সেলিম চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন সমিতির সাংঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।