৯ তরুণকে ইউরোপের জাল ভিসা দিলেণ ইউপি সদস্য নারী

৯ তরুণকে ইউরোপের জাল ভিসা দিলেণ ইউপি সদস্য নারী
৯ তরুণকে ইউরোপের জাল ভিসা দিলেণ ইউপি সদস্য নারী

স্টাফ রিপোর্টার ॥ রোমানিয়ায় বাংলাদেশি তরুণ গ্রেপ্তারের ঘটনায় আয়েশা আক্তার লাকি নামে হবিগঞ্জের এক নারী ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আয়েশা আক্তার লাকি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের কলিমনগর গ্রামের নানু মিয়ার স্ত্রী।

রোমানিয়ায় গ্রেপ্তার একই গ্রামের কোহিনুর ইসলাম নামে এক তরুণের পিতা আহম্মদ মিয়ার দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া আরও প্রায় ৯ তরুণের পাসপোর্টে

রোমানিয়ার জাল ভিসার সীল দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

কোহিনুরের পিতার মামলায় অভিযোগ করা হয়— লাকি তাঁর ফ্রান্স প্রবাসী বড়ভাই আব্দুল মতিনের মাধ্যমে ২০২৪ সালে কোহিনুরকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনে সাড়ে ১০ লাখ টাকা নিয়ে ভাল কাজের প্রলোভনে ইউরোপের দেশ রোমানিয়ায় প্রেরণ করেন। সেখানে তাকে যে কোম্পানীতে কাজ দেওয়ার কথা— দেশটিতে গিয়ে সেই কোম্পানীর অস্তিত খোঁজে পাননি কোহিনুর। পরে প্রতিবাদ করায় লাকি ও মতিনের সহযোগীরা রোমানিয়ায় কোহিনুরের ২ হাজার ইউরোসহ (আড়াই লাখ টাকা) পাসপোর্ট হাতিয়ে নেন।

এদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ওই যুবক দেশটিতে গ্রেপ্তারের শঙ্কায় পড়লে সেখান থেকে তাকে ইতালী পাঠানোর প্রলোভনে বাড়ি থেকে আরও ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন লাকি। এরপরও কোহিনুরকে রোমানিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার করানো হয় এবং একমাস জেল খেটে তিনি বাড়ি ফিরেছেন।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মোঃ নাজমুল হোসেন জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের মামলায় ইউপি সদস্য আয়েশা আক্তার লাকি আদালতে উপস্থিত হয়ে জামিন চেয়েছিলেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলায় তার ফ্রান্স প্রবাসী ভাইসহ আরও চারজন পলাতক।

খোঁজ নিয়ে জানা গেছে, নারী ইউপি সদস্য লাকী হবিগঞ্জ জেলার আরও অন্তত ৯ তরুণের পাসপোর্টে রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার তরুণরা এ ঘটনায় কয়েকটি মামলা দায়ের করেন। তাঁদের মধ্যে রয়েছেন— বিপলু দাশ, নুরুল আমীন জুয়েল, তৌফিকুল ইসলাম, লোকমান মিয়া, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।