‘পর্যটনের আধুনিকায়নে প্রকল্প’

‘পর্যটনের আধুনিকায়নে প্রকল্প’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, পর্যটন শিল্পকে আরো আধুনিকায়ন করার জন্য সরকার বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। পর্যায়ক্রমে এসব প্রকল্পের কাজ দৃশ্যমান হলে আমাদের পর্যটন শিল্প আরো একধাপ এগিয়ে যাবে। তবে আমাদের প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা করতে হবে। যতবেশি প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষা করতে পারবো, ততবেশি পর্যটন শিল্পের উন্নয়ন হবে। এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।

তিনি গত বুধবার (৭ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলার রেমা-কালেঙ্গা বন, সাতছড়ি জাতীয় উদ্যান, তেলিয়াপাড়া বাংলো ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প স্টেক হোল্ডার কনসাল্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ট্যুরিজম বোর্ড আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোঃ ফরিদুর রহমান। বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ট্যুরিজম বোর্ডের উপপরিচালক বোরহান উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সিলেট বিভাগের বনসংরক্ষণ কর্মকর্তা তারেক রহমান প্রমুখ।