প্লাস্টিকের মাছ তুলতে গিয়ে জলাশয়ে ডুবে শিশুর মৃত্যু
মাধবপুর উপজেলায় প্লাস্টিকের খেলনা মাছ তুলতে গিয়ে জলাশয়ে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর জালমুড়া গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ ওই গ্রামের কৃষিশ্রমিক জাহাঙ্গীর মিয়ার ছেলে।
শিশুর স্বজন ও প্রতিবেশীরা জানান, দুপুর ১১টার দিকে প্লাস্টিকের খেলনা মাছ হাতে নিয়ে ঘর থেকে বের হয় আব্দুল্লাহ। পরে অনেকক্ষণ না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ১২টার দিকে স্থানীয়রা খেলনাটি পানিতে ভাসতে দেখে জলাশয়ে নেমে তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ধর্মঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিলাল মিয়া বলেন, শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল এবং তার বাবা একজন কৃষিশ্রমিক। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে একই এলাকায় আরেকটি শিশুও খেলতে গিয়ে জলাশয়ে পড়ে যায়। তবে এক সরকারি কর্মকর্তা দেখে ফেলায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি সতর্কতা প্রয়োজন।
