নিহত শামীমের লাশ তোলা আটকে দিল পরিবার

নিহত শামীমের লাশ তোলা আটকে দিল পরিবার
নিহত শামীমের লাশ তোলা আটকে দিল পরিবার

আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে শহীদ শামীমের লাশ কবর থেকে তোলা সম্ভব হয়নি পরিবারের আপত্তিতে। সোমবার বিকেল ৫টার দিকে পিবিআই ঢাকার তদন্ত দল আদালতের নির্দেশে লাশ উত্তোলনে গেলেও ফিরে আসতে হয়।

শিমুলঘরের মৃত লাল মিয়ার ছেলে শামীম মিয়া ওরফে শফিক (৫৮) ঢাকার সাভারে শরবত বিক্রি করতেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে তিনি নিহত হন।

ঘটনাটি কেন্দ্র করে পাবনার ফরিদপুর থানার সাভার গ্রামের জাকারিয়া হোসেন বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালসহ ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে সিআর মামলাটি (নং ১২৪৮/২০২৪)

আশুলিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই, ঢাকা।

আদালতের নির্দেশে  সোমবার শামীমের লাশ উত্তোলনের জন্য মাধবপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং পিবিআই টিম গ্রামে যান। কিন্তু শামীমের স্বজনেরা আপত্তি জানান। তার ভাই জহুরুল বলেন, “কে মামলা করেছে জানি না। আমরা আগেই ট্রাইব্যুনালে মামলা করেছি। এখন যা হওয়ার তা ট্রাইব্যুনালের মাধ্যমেই হবে।”

পিবিআই পরিদর্শক খাইরুজ্জামান বলেন, “স্বজনদের আপত্তির বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম বলেন, “লিখিত আপত্তির কারণে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও লাশ তোলা সম্ভব হয়নি।”