পানছড়িতে বালু উত্তোলনের মেশিন ও পাইপ আটক
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পাহাড়ি ছড়ার বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন ও আড়াই হাজার ফুট পাইপ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই এসব মেশিন বিকল করে দিয়ে পাইপগুলো বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান চালানো হয়। এতে জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি— তবে ১০টি মেশিন ও আড়াই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
