‘আমি বৈষম্যের শিকার’ বললেন ব্যারিস্টার সুমন
স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলায় সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ আদালতে তোলা হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় তাকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়।
এর আগে দুপুর আড়াইটায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালত হাজতে নেওয়া হয় এবং তখন থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা ছিল। পরে অল্প সময়ের মধ্যে আদালতে হাজির করে বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্তরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করলে নানা শ্রেণিপেশার লোকজন আহত হন।
পরে ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেপ্তার হলে চুনারুঘাটের এ মামলায়ও তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন খোয়াইকে জানান, গতকাল সোমবার চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলার ধার্য্য তারিখ ছিল বিধায়— ব্যারিস্টার সুমনসহ আরও কয়েকজন আসামীকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।
এদিকে, আদালত থেকে ব্যারিস্টার সুমনকে কারাগারে নেওয়ার সময় তিনি বলেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার।’ এ সময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
