অবৈধ স্ট্যান্ড অপসারণ
ব্যস্ত সড়ক থেকে অবৈধ স্ট্যান্ড অপসারণ করল সেনাবাহিনী
হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে খোয়াই ব্রীজের গোড়া থেকে অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ড অপসারণ করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার সকাল ১১টায় এ অভিযান চালানো হয়।
এ সময় ট্রাক, ইজিবাইক ও পিকআপ ভ্যানসহ ১১টি যানবাহনের চালককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোঃ জিয়া উদ্দিন জানান।
তিনি বলেন, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ খোয়াই মুখ এলাকায় যৌথভাবে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ইজিবাইক স্ট্যান্ডটি সেখান থেকে অপসারণ করা হয়েছে।
এছাড়া ৮টি অবৈধ ইজিবাইকের চালককে ২ হাজার টাকা করে ১৬ হাজার, যানজট সৃষ্টি করে দিনের বেলায় মালামাল উঠানামা করায় ৩ জন ট্রাক চালককে ৪ হাজার করে ১২ হাজার এবং একটি পিকআপ ভ্যানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা শহরের যানজট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
